AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ডাকাতি, গ্রেফতার ৫


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৯:১৮ পিএম, ১৬ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ডাকাতি, গ্রেফতার ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের বড় একটি অংশ ২৬ লাখ টাকা সমমূল্যের সোনা এবং নগদ ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ডাকাতিতে সরাসরি অংশ নেওয়া দুইজন এবং লুণ্ঠিত সোনা কেনাবেচার সঙ্গে জড়িত তিনজন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন।

পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের একটি একতলা ভবনে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়।

ডাকাতরা গৃহকর্তাকে জিম্মি করে বাড়ি থেকে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। যার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উন্মোচন ও অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।

অভিযানে ডাকাতিতে জড়িত মূল অভিযুক্ত মো. খোরশেদ আলম (৪০) এবং শাহাদাত হোসেন মোহনকে (২৭) গ্রেপ্তার করা হয়। খোরশেদের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরি ১০ আনা সোনা এবং মোহনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুণ্ঠিত সোনা কেনার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন-শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাঁদের দোকান থেকে আরও প্রায় ৭ ভরি সোনা উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে সর্বমোট ১০ ভরি ৫ আনা ৩ রতি সোনা উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!