রাজশাহীর তানোরে কৃষক শ্রমিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার অমৃতপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ১ নম্বর কলমা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি মুজিবুর রহমান বলেন, “আমি এমপি হয়েছি বলে অনেক কিছু হয়ে গেছি-এমনটা মনে করবেন না।
আমি আপনাদেরই একজন ভাই। যদি কোনো ভুল করি, তাহলে আমাকে সংশোধন করে দেবেন।” এ সময় তিনি ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে খলিফা হজরত ওমর (রা.)-এর ঘটনা তুলে ধরেন।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার কাঁচা রাস্তা পাকা করার কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলার কলমা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সেকেন্দার আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিম। এসময় ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

