খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) এক সদস্য নিহত হয়েছে ।
শনিবার (৭ মার্চ ) দুপুরের দিকে ৩ নং সদর ইউপির বড়কোণা এলাকায় (জেএসএস) ও (ইউপিডিএফ) মূখোমূখি হলে এ ঘটনা ঘটে। নিহত আপন ত্রিপুরা-প্রকাশ সংগ্রাম(২৮) উল্টাছড়ি ইউপির বাসিন্দা কিরণ মুনি ত্রিপুরার ছেলে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে জানান, আজ সকাল সাড়ে ১১টার সময় সন্তু গ্রুপের ১৫-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় প্রবেশ করে ওঁৎ পেতে থাকে।
এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়ে যায়। এতে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করে।
বিবৃতিতে অংগ্য মারমা আরও উল্লেখ করেন, হত্যাকাণ্ড একটি কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক, সন্তু গ্রুপ দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। উপরন্তু তাদেরকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে তারা আজকের এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।
অপরদিকে জনসংহতি সমিতি (জেএসএসের) পক্ষ থেকে এবিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্যাঁ আমরা খবর পেয়েছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

