চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের মালিতা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার বাসিন্দা এবং মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন এবং তিন সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে আব্দুল কাদের মালিতা স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল বেলাল বলেন, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

