চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। এ সময় এলাকাটিকে মাদকমুক্ত ঘোষণা করেন তারা।
শুক্রবার বিকেলে সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লি এবং কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪–৫টি মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে। এতে এলাকার তরুণ-যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
তারা অভিযোগ করেন, দফায় দফায় আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মাঝে অভিযান চালানো হলেও পরে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

