কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৪ মার্চ ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ–এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)–এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি সন্দেহজনক মাহেন্দ্র গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির চালক মো. ফরহাদ উদ্দিন (৩২)–কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে কোনো অবৈধ মালামাল বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ইঞ্জিন কভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
আটক ফরহাদ উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

