জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে কুলাউড়া উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে রবিরবাজার, মধ্য রবিরবাজার, কর্মধা রোডসহ বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ইফতারি তৈরির প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে র্যাব-৯।
অভিযানকালে জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ মেশানো, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেল দিয়ে খাদ্যপণ্য তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টি ঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ন্যায্যমূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে বুধবার কুলাউড়া উপজেলার বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও হোটেল-রেস্টুরেন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অপরাধে ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।
তিনি বলেন, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। হাইড্রোজযুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া পাকস্থলীর ক্যানসার, পেটের পীড়া, আলসার এবং মানবদেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি জিলাপিতে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করায় মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালত। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

