কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার বাতাকান্দি বাজারের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ নাজিম উদ্দীন মোল্লা।
বক্তারা সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলের মনোনীত প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া এবং নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, "নির্বাচনে যাই ঘটুক না কেন, আমরা আল্লাহর ফয়সালাকেই চূড়ান্ত বলে মেনে নিয়েছি।
মুমিনরা কখনো পরাজিত হয় না এবং সত্যের জয় অনিবার্য।" এছাড়া দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে তিতাস উপজেলার আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ-কে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ও জামায়াত নেতা মুহাম্মদ ছবির হোসেন-কে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বক্তারা তাদের এই দুই প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞের সভাপতিত্বে এবং সেক্রেটারি সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুজ্জামান বাহালুল, হোমনা উপজেলার আমির সাইদুল ইসলাম, মেঘনা উপজেলার আমির লোকমান ভূইয়া,
তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাৎ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, উপজেলা ব্যবসায়ী ফোরাম এর সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক প্রমুখ।
এছাড়াও সমাজসেবক ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন এবং মাওলানা সাইদুল হকসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাহে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে তিতাস উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

