ময়মনসিংহের গৌরীপুর উপজেলা-এ রাস্তা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৬ নম্বর বোকাইনগর ইউনিয়নের গবিন্দপুর (বীরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. আহসানুল রাব্বী (২৮), মো. রইছউদ্দিন (৪৫) ও মো. রাহাদ (১৯)। তাদের মধ্যে আহসানুল রাব্বী ও রইছউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মো. মহসিন মিয়া (২৪) গৌরীপুর থানা-এ দায়ের করা লিখিত অভিযোগে জানান, তার ছোট ভাই মো. রাহাদ বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শসার খেতে যাওয়ার পথে প্রতিবেশীদের দ্বারা পথরোধের শিকার হন। এ সময় তাকে গালিগালাজ করা হলে প্রতিবাদ করায় কয়েকজন বিবাদী তাকে কিল-ঘুষি মারতে শুরু করে।
খবর পেয়ে বড় ভাই আহসানুল রাব্বী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ধারালো দা ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর কাটা জখম হয়। পরে তাদের চাচা মো. রইছউদ্দিন বাধা দিতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা মামলা না করার জন্য ভুক্তভোগীদের হুমকি দেন এবং সুযোগ পেলে হত্যার হুমকিও প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে মারামারির অভিযোগ অস্বীকার করে তোফাজ্জল বলেন, “আমরা শুধু বাড়ির ভেতর দিয়ে অটোরিকশা ও যাতায়াত না করার জন্য নিষেধ করেছি। আমাদের মেয়েরা পর্দা করে। এসব নিয়েই কথাকাটাকাটি হয়েছে।”
শুক্রবার বিকেল ৩টার দিকে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহউদ্দীন করিম জানান, অভিযোগ পেয়েছি; তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

