বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছানোর পর সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভর্তি থাকা রোগীদের মধ্যে প্যাকেটভিত্তিক গরুর দুধ বিতরণ করেন।
পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে চিকিৎসক-জনবল সংকট, শয্যা ও চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনার সমস্যা উঠে আসে।
এ বিষয়ে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “জনগণের ভালোবাসা ও ভোটে আমি সংসদ সদস্য হয়েছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। হাসপাতাল পরিদর্শনে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করেছি। চিকিৎসক ও নার্স বৃদ্ধি, শয্যা বৃদ্ধি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এছাড়া অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।”
তিনি আরও জানান, হাসপাতাল পরিদর্শনের আগে তাঁর একটি পথসভা ছিল। জনসমাগমে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হতে পারে বলে সেই সভা বাতিল করা হয়েছে।
নভনির্বাচিত সংসদ সদস্যের এই আকস্মিক হাসপাতাল পরিদর্শন স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ার এই পদক্ষেপ ভবিষ্যতের উন্নয়ন কার্যক্রমের দিকনির্দেশনা দেবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

