নির্বাচনকালীন ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে ট্রাক চলাচল হঠাৎ বেড়েছে। এর প্রভাব পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ফলে মহাসড়কের একাধিক অংশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও সম্পূর্ণ থেমে থাকতে দেখা যায় যানবাহন।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, নির্বাচনের ছুটি শেষ হওয়ায় পণ্য পরিবহন ও শিল্পকারখানার কার্যক্রম একসঙ্গে শুরু হয়েছে। এতে করে ট্রাকের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। পাশাপাশি মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত থাকায় ভারী যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এসব কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক ট্রাফিক টিম কাজ করছে বলেও জানান তিনি।
সকালের অফিসগামী যানবাহনের চাপের সঙ্গে ভারী ট্রাকের ধীরগতির কারণে কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী অভিযোগ করেছেন, স্বল্প দূরত্ব পাড়ি দিতে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ সময় লেগেছে।
ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, সকালে জরুরি কাজে বের হলেও কাঁচপুর এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে সময়মতো অফিসে পৌঁছানো সম্ভব হয়নি।
অন্য যাত্রী নুসরাত জাহান জানান, দীর্ঘ সময় বাসে বসে থাকতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ বোধ করেছেন। তার ভাষায়, ‘গাড়ি অনেকক্ষণ নড়েনি, ভেতরে ভোগান্তি বেড়ে গেছে।’
ট্রাকচালক আব্দুল কুদ্দুস বলেন, এশিয়ান হাইওয়ের কিছু অংশ এতটাই ভাঙাচোরা যে দ্রুত চালানো ঝুঁকিপূর্ণ। ধীরে চলার কারণে পেছনে যানজট লেগে যাচ্ছে।
বাসচালক রবিউল ইসলাম জানান, ব্যস্ত সময়ে ট্রাকের চাপ বেশি থাকায় গতি একেবারেই কমে যায়। এতে যাত্রীরা ক্ষুব্ধ হন, কিন্তু সড়কের পরিস্থিতির কারণে দ্রুত চলাচল সম্ভব হয় না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

