কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক লাইভ বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে জসিম উদ্দীন বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই, তার সমর্থক ও নেতাকর্মীদের মারধর এবং কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। অনেককে রক্তাক্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো ও হুমকির অভিযোগও তোলেন তিনি।
ফেসবুক লাইভে গণঅধিকার পরিষদের এই প্রার্থী আরও বলেন, অর্থের মাধ্যমে ভোট কেনার অভিযোগ রয়েছে এবং কিছু কেন্দ্রে নিজেরাই ভোট প্রদান করেছে একটি পক্ষ। এসব পরিস্থিতিতে ভোটারদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। এতে আসনটিতে বিএনপি প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীনকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয় দলটি। সে অনুযায়ী বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার পক্ষে প্রচারেও অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

