কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে স্থাপিত দুটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় খুললে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাত ৮টার দিকে আজকের পত্রিকাকে বলেন, “সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির বিষয়টি আমাকে জানায়। আগামীকাল (বুধবার) সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।”
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় একটি জিডি করেছেন। ক্যামেরা দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
উল্লেখ্য, ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ সংসদীয় আসনে মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

