ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদ।
প্রীতম দাশ বলেন, তাঁর রাজনীতি মানুষের কল্যাণকেই প্রাধান্য দেয়। শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের সব শ্রেণির মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
ইশতেহারে চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান এবং তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং তাদের ঐতিহ্য ও পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, হাওর দখলমুক্ত করা, নির্দিষ্ট ফি’র মাধ্যমে সবার জন্য মাছ ধরার অধিকার নিশ্চিত করা, শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড়ের সমস্যা সমাধান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে শহর পরিচ্ছন্ন রাখা এবং জলাবদ্ধতা দূর করা।
স্বাস্থ্য খাতের উন্নয়নে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং চিকিৎসক ও নার্স সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়া শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভা বর্ধিত করা, শমসেরনগরকে পৌরসভায় রূপান্তর, যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণ এবং কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

