গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানীর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়ণপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের মানুষ আজ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখছে। এই স্বপ্ন বাস্তবায়নে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। জনগণের ভোটেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুন্সী, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান টুটুল, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সাজেদুর রহমান মোরাদ মৃধা, সমাজসেবী প্রবাসী এলান মুন্সী, কাউসার মাস্টার, বিএনপি নেতা আসলাম মুন্সী, যুবদল নেতা এনামুল হাসান মাসুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে নেতাকর্মী ও এলাকাবাসী ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

