আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (২ ফেব্রুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সব নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোটার উপস্থিতি বাড়াতে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ সময় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় বর্তমানে ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
সংসদীয় আসন-৩০০ (বান্দরবান) এলাকার আলীকদম ও লামা উপজেলায় মোট ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কে-৯ ডগ স্কোয়াড ইউনিট, র্যাপিড অ্যাকশন টিম (RAT), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে—সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

