মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এক আবেগঘন পরিবেশে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আজও দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আপনাদের সাহসী ভূমিকা প্রয়োজন। বিএনপি সরকার গঠন করলে মুক্তিযোদ্ধাদের সম্মান, ভাতা ও সুযোগ-সুবিধা আরও সুসংহত করা হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক কমান্ডার মো. এনায়েত হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আফজাল হোসেন বাচ্চু।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, এই দেশ আপনাদের রক্ত আর ত্যাগে অর্জিত। আজ সেই মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখুন।
সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকার রক্ষার বিষয়ে তাঁদের প্রত্যাশা তুলে ধরেন। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা যায়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

