পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী প্রচারণার সময়সূচি নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় জেলা প্রশাসন কঠোর সতর্কতা জারি করেছে। সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নূর (ট্রাক প্রতীক) কে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সম্প্রতি নির্বাচনী মিছিল ও সমাবেশ চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা বিশেষ শাখার পুলিশ সুপার নির্বাচনী সফরসূচি পর্যালোচনা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে দুই প্রার্থীর জনসভা ও মিছিলের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই দিনে নুরুল হক ও হাসান মামুন ভিন্ন সময়ে ভিন্ন স্থানে জনসমাবেশ করবেন।
চিঠিতে সতর্ক করা হয়েছে, একাধিক দল বা প্রার্থীর জনসভা একই স্থানে বা কাছাকাছি হলে সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হতে পারে। গত ২৬ জানুয়ারি চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে এবং ২৭ জানুয়ারি বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বটতলায় নির্বাচনী মিছিল চলাকালে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন এবং দুটি মামলা রুজু হয়েছে।
জেলা প্রশাসক উল্লেখ করেছেন, আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী সমান অধিকার পাবেন। তবে প্রতিপক্ষের জনসভা বা মিছিল পণ্ড করা, বাধা দেওয়া বা ভীতিসঞ্চারমূলক কার্যক্রম করা যাবে না। আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, “ঘটনাক্রমে কিছু সময়সূচি একই হয়ে গেছে। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রোগ্রাম পরিবর্তন করতে পারি। তবে স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হয়ে থাকছে।”
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন জানিয়েছেন, “আমাদের কর্মসূচি ভিন্ন জায়গায় চলছে এবং চরশিবার এলাকায় কোনো প্রোগ্রাম হয়নি।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন সতর্কতা ও সমন্বয় বজায় রেখেছে।”
এ ঘটনার মাধ্যমে নির্বাচনী সময়সূচি এবং সমাবেশ পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্ব পুনরায় হয়েছে। জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থীকে নির্দেশ দিয়েছেন, সমর্থকদের মধ্যে উত্তেজনা এড়াতে পূর্বনির্ধারিত সময়সূচি ও স্থানের বাইরে কোনো প্রচারণা না করতে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

