জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নামে যদি মানুষ হত্যা করা হয়, তাহলে সেই রাজনীতি জামায়াত কখনো সমর্থন করে না। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসের ব্যবধানে নিজেদেরই দুই শতাধিক নেতাকর্মীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এমন সহিংস ও রক্তক্ষয়ী রাজনীতি দেশবাসী আর দেখতে চায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সামান্য বিষয় নিয়ে সংঘাত হবে না, হানাহানি থাকবে না এবং সমাজে নোংরা ও অমানবিক ঘটনা ঘটবে না। শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই ভয় ও সহিংসতার রাজনীতির পরিবর্তে নৈতিকতা ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
নির্বাচনি জনসভায় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. ছামিউল ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

