নারীর মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করে দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল।
শনিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার চুবড়া এলাকায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীর মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। এবারের নির্বাচনে যদি আপনাদের ভোটে বিজয়ী হলে সমাজে নারীদের প্রতি কুদৃষ্টি ও সহিংস মানসিকতার বিরুদ্ধে কঠোর সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ গড়ে তোলা হবে, যাতে কোনো নারী অসম্মানিত না হন।
আপনাদের ভোটে ১১ দলীয় জোট বিজয়ী হলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারীরা সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে চলতে পারবেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হ্যাঁ ও না ভোট অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে দেশে আর স্বৈরাচার ফিরে আসবে না। তিনি বলেন, বিগত দিনে সারাদেশে নারীদের সঙ্গে যেভাবে অবিচার করা হয়েছে, আপনারা তা প্রত্যক্ষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীরা ধর্মীয় অধিকার পালনে বাধার সম্মুখীন হয়েছিল। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ২০২৪ সালের ৫ আগস্টের পর নারী শিক্ষার্থীরা আবারও নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন। কিন্তু যদি আবারও স্বৈরাচারী শক্তিকে ক্ষমতায় বসানো হয়, তাহলে পরিস্থিতি আগের মতো হয়ে যাবে।
রাজনীতিতে শুদ্ধতা ও সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে আহমদ বিলাল বলেন, দেশে আর কোনো ভোট চোর দেখতে চান না তারা। যারা নিজেদের দলের ভেতরের চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনোই একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে না।
মাওলানা আহমদ বিলাল বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) নারীদের সম্মানিত করেছেন। জাহিলিয়াতের যুগে নারীরা যে অধিকার থেকে বঞ্চিত ছিল, ইসলাম তা ফিরিয়ে দিয়েছে। ইনশা আল্লাহ আমরা এবং আমাদের ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের সম্মান আরও বৃদ্ধি পাবে। কোরআন ও হাদিসের আলোকে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। নারীদের শিক্ষার জন্য আরও মহিলা মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে শাহিনা ইয়াছমিন বলেন নারীদের অধিকার আদায়ের জন্য ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলালকে বিজয়ী করা আমাদের দায়িত্ব। বিগত দিনে নারীরা যেভাবে লাঞ্ছিত হয়েছেন, তার অবসান ঘটাতে হলে এই জোটকে ক্ষমতায় আনতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি মাওলানা কাজী হারুনুর রশীদ। আরও বক্তব্য রাখেন রেহানা আক্তার, সেলিনা বেগমসহ ১১ দলীয় জোটের নারী নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

