AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিথ্যা আশ্বাস দিয়ে কোনোদিন দেশ গঠন করা যায় না : মঈন খান


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১১:২৫ এএম, ৩১ জানুয়ারি, ২০২৬

মিথ্যা আশ্বাস দিয়ে কোনোদিন দেশ গঠন করা যায় না : মঈন খান

নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ সুচিন্তিত ও আত্মবিশ্বাসী। তারা অন্যের প্রতারণা কিংবা মিথ্যার ছলচাতুরীতে বিশ্বাস করে ভোট দেয় না। অনেকেই আজকাল নানা সুন্দর ও ভিন্নধর্মী কথা আপনাদের কানে কানে বলবে। কিন্তু আপনাদের বুঝতে হবে—এসব মিথ্যা আশ্বাস দিয়ে কোনোদিন দেশ গঠন করা যায় না। দেশ গঠন ও উন্নয়নের জন্য প্রয়োজন পরীক্ষিত সৈনিক। সেই পরীক্ষিত সৈনিক বিএনপির ভেতরেই রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন পরীক্ষিত সৈনিক। আমাদের বর্তমান নেতা তারেক রহমানও একজন পরীক্ষিত সৈনিক।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে দেশের প্রতিটি নাগরিককে সমান চোখে দেখে ও সমানভাবে বিবেচনা করে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিএনপি কখনো কোনো নাগরিকের মধ্যে ভেদাভেদ করে না। এই আদর্শকে ধারণ করেই বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিল এবং সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই বাংলাদেশকে নতুন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এবং অর্থনৈতিকভাবে দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করার দেশে পরিণত করতে চাই।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যদি গাফিলতি করেন, তাহলে তারা ক্ষমা পাবেন না। দেশ ও জাতিও আপনাদের ক্ষমা করবে না। তাই আমার দৃঢ় বিশ্বাস—১২ ফেব্রুয়ারি আপনারা ঘুম থেকে উঠে সচেতনভাবে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, বিএনপি দেশে সুশাসন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করবে। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। ভোট দিতে গেলেই দিনের ভোট রাতে হয়েছে, জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই ও ডাকাতির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। যারা প্রকৃতপক্ষে পরাজিত ছিল, তাদের বিজয়ী ঘোষণা করে মিথ্যা সংসদ ও সরকার গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। তবে যারা দেশকে ধ্বংস করেছে, জনগণ তাদের ক্ষমা করেনি। ২০২৪ সালে জাগ্রত জনতা সেই স্বৈরাচার সরকারকে চিহ্নিত করলে তারা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে বাংলাদেশে এ ধরনের অপকর্ম আর না ঘটে, সে জন্য সত্যিকার দেশপ্রেমিক দল বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এই বিজয়ের পর জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা সারা বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করবো।

মঈন খান বলেন, আপনারা যদি ১২ ফেব্রুয়ারি একদিন কষ্ট করে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন এবং মহান আল্লাহ তায়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে পরবর্তী পাঁচ বছর আমি আপনাদের জন্য নিরলসভাবে কাজ করবো।

এ সময় পলাশ উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইছাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ইজি ফ্যাশনের চেয়ারম্যান আসাদ চৌধুরী, ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!