চট্টগ্রাম ৮ ( বোয়ালখালীতে - চান্দগাঁও) আসন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে ককটেল বিস্ফোরণের অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে বোয়ালখালীর পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী সভা চলছিল। হঠাৎ সভাস্থলের অদূরে বিকট শব্দে বিস্ফোরণ হলে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সভা সংক্ষিপ্ত করে শেষ করা হয় বলে জানা গেছে। পরে উপজেলা সদরে নেতাকর্মীরা এসে বিক্ষোভ মিছিল করেন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, আল্লাহর রহমতে কেউ হতাহত হয়নি। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী সভা লক্ষ্য করেই ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনা নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। আমার ধরণা এসব জামায়াত শিবিরের কাজ। তাই আগামীকাল থেকে জামায়াত শিবিরকে যেখানেই পাবে সেখানেই প্রতিহত করা হবে।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ককটেলের কোন আলামত পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ বলেন, ককটেল বিস্ফোরণের সময় আমি বক্তব্য দিচ্ছিলাম। এসময় ঠিক ৫০ গজ দূরে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

