চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ মানবিক উদ্যোগে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে।
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)-এর মা, মোসাঃ রোজিয়া খাতুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), দীর্ঘদিন ধরে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। মরহুমার মৃত্যুতে ভারতের নাগরিক আত্মীয়-স্বজনদের শেষবারের মতো তাকে দেখার সুযোগ করে দিতে উদ্যোগ নেয় বিজিবি।
এ উপলক্ষে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে বিষয়টি বিএসএফকে অবহিত করলে তারা মানবিক বিবেচনায় মরহুমার ভারতীয় আত্মীয়-স্বজনদের সীমান্ত এলাকায় এসে লাশ দেখার সুযোগ প্রদান করে।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এমন মানবিক উদ্যোগ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। শোকাহত পরিবার বিজিবি ও বিএসএফের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

