সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মধ্যনগর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত অনুসন্ধানী তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর মধ্যনগর সেনা ক্যাম্পের বিএ-১০৭০১ ক্যাপ্টেন শাকিল মাহমুদের নেতৃত্বে এবং ১২ ইঞ্জিনিয়ারিং ইউনিটের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়।
এ সময় মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমজোড়া গ্রামের ইউপি সদস্য মো. উজ্জল মিয়ার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, তিনটি দেশীয় কুড়াল, চারটি দেশীয় দা-বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, ১৭টি টেডা, পাঁচটি ফলা, ১১টি ঢাল, ৩৫টি বর্ষা, একটি চায়না চাকু এবং একটি বল্লম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে তারা জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

