ময়মনসিংহের নান্দাইলে নিয়মিত মাদরাসায় উপস্থিত থাকার জন্য রাজাপুর ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং ছুটির আগে অনুমতি ছাড়া মাদরাসা ত্যাগ না করায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে পুরস্কার হিসেবে খাতা ও কলম প্রদান করা হয়।
মাদরাসার শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের এ অভিনব কৌশলকে ইতিবাচকভাবে দেখছেন অভিভাবকরাও।
জানা যায়, ২০২৫ সালের আগস্ট মাস থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার ধারাবাহিকতায় নির্ধারিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাব্বির, অষ্টম শ্রেণির সাদিয়া, দশম শ্রেণির মারিয়া ও সানিয়া বলেন, “নিয়মিত মাদরাসায় আসার কারণে আজ আমরা পুরস্কার পেয়েছি। খুব ভালো লাগছে। স্যারদের আমরা ধন্যবাদ জানাই।”
আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা ও মাহবুবুল জানান, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ফলেই তারা পুরস্কার পেয়েছেন, যা তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।
মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক বুলবুল বলেন, “শিক্ষার্থীদের মাদরাসায় নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে মনোযোগ বাড়াতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাদিউর রহমান বলেন, “শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না এলে পাঠে পিছিয়ে পড়ে এবং পড়াশোনায় মনোযোগ হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে এ পুরস্কার ব্যবস্থার আয়োজন করা হয়েছে।”
মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জুনাইদ বলেন, “এটি একটি উৎসাহমূলক ও প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে। আশা করি এর মাধ্যমে মাদরাসায় শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

