গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার বেজড়া জসিমুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। তাঁর আত্মত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি পারভেজ ভুইয়ার সভাপতিত্বে এবং সৈয়দ আবুল হাসান ও জনি ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, খান্দারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম মুন্সী, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আলম মুন্সী, খান্দারপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান ইমারত মুন্সী, সমাজসেবী লাচ্চু মুন্সী, হাবিবুল্লাহ মুন্সী লিটুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

