জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত অজ্ঞাত শহীদদের মধ্যে নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বছরের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে মোট ১১৪ জনের মরদেহ উত্তোলনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণের কাজ চলছে। এই তথ্য প্রকাশ করেছে সিআইডি।
নতুনভাবে শনাক্ত হওয়া শহীদরা হলেন: ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম (২৫), সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।
সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মরদেহ উত্তোলনের পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন। এছাড়া, সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরিতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।
এ পর্যন্ত অজ্ঞাত শহীদদের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে ৯টি পরিবারের কাছ থেকে। প্রাপ্ত নমুনার মাধ্যমে ইতোমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি মরদেহের পরিচয় শনাক্তকরণের কাজ এখনও চলমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

