আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির হাতে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকারও উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী, সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, মো. জহুরুল হক বাদশা, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন—মো. মাজেদুর রহমান (জামায়াত),মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র),মো. মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র)।
এছাড়া গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন—ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (বিএনপি),মো. শরিফুল আসলাম (এলডিপি)।
সোমবার সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। নির্বাচনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী—মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৪ জানুয়ারি, আপিল: ১১ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, ভোট গ্রহণ: ১২ ফেব্রুয়ারি ।
এছাড়া সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনওর কার্যালয়ে সোমবার যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন— মো. মাহফুজুল হক সরদার (জাতীয় পার্টি), মো. রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কওছর আজম হান্নু (আমজনতা দল) ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি। কক্ষের সংখ্যা ৭৭৩টি, যার মধ্যে স্থায়ী কক্ষ ৭০৫টি এবং অস্থায়ী কক্ষ ৬৮টি। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকার জানান, “গত সংসদ নির্বাচনের তুলনায় আসন্ন নির্বাচনে গাইবান্ধা-১ আসনে ভোট কেন্দ্র এবং ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

