নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১০টার দিকে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি বোঝাই তিনটি ট্রলি আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জনাব এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

