নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে ট্রেনের ছাদ থেকে কাটা পড়ে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম আলম মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচরের সালুয়া গ্রামের আব্দুল হকের ছেলে। পেশায় ছিলেন রিকশা চালক। পরিচয় শনাক্তের পর আজ শুক্রবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৭টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনের রেললাইনের কাছে থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ জানায়, আলম মিয়া ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার জন্য তিনি কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠেন। পরে ট্রেন রাত পৌনে ৭টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করার সময় ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত ৯টার দিকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দীন বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

