আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার দুটি আসনে খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গতকাল মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মাওলানা আহমদ বিলাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস শহর শাখার সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ এবং জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক খিজির মোহাম্মদ জুলফিকার।
একই দিন বেলা সাড়ে ১২টায় মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লোকমান আহমদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সহ-সভাপতি মাওলানা কাওছার আহমদ এবং সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।
অন্যদিকে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা নায়েবে আমির ফয়সল আহমদ, বড়লেখা উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন এবং উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, তাঁর কার্যালয় থেকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে এখনো কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। একই তথ্য জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “আজ আমার অফিস থেকে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মোট কতজন বা কতটি দল মনোনয়ন নিয়েছেন, তা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে তথ্য সংগ্রহের পর জানা যাবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

