জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদীতে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, কড়ইচড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আল আমিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, “জাতীয়তাবাদী যুবদল সব সময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাজার বৃক্ষরোপণ, ক্যান্সারে আক্রান্ত, দুর্ঘটনায় আহত ও দরিদ্র মানুষের মধ্যে নগদ সহায়তা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চোখের অপারেশন, মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাদ্যসামগ্রী বিতরণ।”
তিনি আরও জানান, “দুইজন ক্যান্সার রোগীকে ৩০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে ৫০ হাজার টাকা এবং চারজন অসহায় ও দরিদ্র মানুষের হাতে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পরবর্তীকালে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তায় উপজেলা যুবদল পাশে থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

