চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ (৩ মাস) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়া এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।
শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে তিনি মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। ভোরে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। পরে দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, ভোরে তিন মাস বয়সী এক শিশুকন্যাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হয়, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, শিশুকন্যার মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

