বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ও উন্মাদনা দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নেবে।’
শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড়সংলগ্ন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে শিমুলিয়া ঘাট ইজারাদারদের আয়োজনে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
৮ জনের দুটি দলে অনুষ্ঠিত ম্যাচে এক দলের নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং অপর দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ২০ মিনিটের ম্যাচে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয়।
রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে পুরো শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক সেখানে ভিড় জমান।
খেলা শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘এখানে সবার সঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’
প্রীতি ম্যাচ শেষে তিনি ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদী ও পদ্মা সেতুর আশপাশের মনোরম পরিবেশ ঘুরে দেখেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ সময় ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. লুৎফর রহমান পাভেল মোল্লা, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।
প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

