নওগাঁর মান্দায় পানের বরজের ওয়াসি বোঝাই একটি ট্রাক ও বালুবাহী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সাজু মিয়া (৪০) নিহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সবরিতলা ও নীলকুঠি এলাকার মাঝামাঝি স্থানে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কুমুন্নায় গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানের বরজের ওয়াসি বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১) রাজশাহীর বাগমারাগামী ছিল। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে সবরিতলা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত বালুবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পানের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক কেবিনে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক সম্ভবত আধো ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ কারণে পেছন থেকে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

