বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকশিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার ও এস্টেট অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ হাবিব মোহাম্মদ সাইফুর রহমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত আইরিন ও আফরোজা বেগম ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদা বেগম।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, শিশুদের পূর্ণাঙ্গ বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি মুক্ত পরিবেশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

