দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
বুধবার (৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের ফল একত্র করার পর নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে দেখা যায়, ভোট হওয়া ২১টি পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। সম্পাদকীয় তিনটি পদে জয় পেয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা। সাতটি নির্বাহী সদস্য পদের মধ্যে চারটিতে শিবির, দুটিতে ছাত্রদল-ছাত্র অধিকার এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
শীর্ষ তিন পদে ফলাফল
সহ-সভাপতি (ভিপি) পদে মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল) পান ৪ হাজার ৬৮৮ ভোট। ব্যবধান ছিল ৮৭৬ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পান আব্দুল আলিম আরিফ। তিনি ৫ হাজার ৪৭০ ভোট অর্জন করেন। প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পান ২ হাজার ২০৩ ভোট। ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা (শিবির) ৫ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) পান ৩ হাজার ৯৪৪ ভোট। ব্যবধান ছিল ১ হাজার ৫৮ ভোট।
অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নূর নবী (শিবির)
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল (শিবির)
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছা. সুখীমন খাতুন (শিবির)
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ (শিবির)
আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক আজম (শিবির)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশিন নাওয়ার জয়া (শিবির)
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. তাকরিম আহমেদ (ছাত্রদল)
ক্রীড়া সম্পাদক: মো. জর্জিস আনোয়ার নাঈম (শিবির)
পরিবহন সম্পাদক: মো. মাহিদ হোসেন (ছাত্রদল)
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান (শিবির)
পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব (ছাত্রদল)
নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা
ফাতেমা আক্তার (শিবির)
মো. আকিব হাসান (শিবির)
শান্তা আক্তার (শিবির)
মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক (শিবির)
মো. সাদমান আমিন ওরফে সাদমান সাম্য (ছাত্রদল)
ইমরান হাসান ইমন (ছাত্রদল)
মো. জাহিদ হাসান (স্বতন্ত্র)
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫ জন। ভোট গণনার শুরুতে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি মনে হলেও ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিবির সমর্থিত প্যানেলের একক আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

