বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন পিউস সাহা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ৯ম ব্যাচের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) একজন শিক্ষার্থী।
বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যা থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় নিবেদিতপ্রাণ। সংস্থাটি ২০০২ সালে যাত্রা শুরু করে এবং রোগী ব্যবস্থাপনা ও থ্যালাসেমিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে আসছে। এটি দেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত এবং থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের নিয়মিত সদস্য। যথাযথ চিকিৎসা, যত্ন ও সহানুভূতির মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের জীবনমান উন্নয়নই সংস্থাটির প্রধান লক্ষ্য। দানশীল ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানের সহায়তায় দরিদ্র ও অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে সংস্থাটি।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে পিউস সাহা বলেন, “বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের কাজের পরিধি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। অলাভজনকভাবে তারা নিয়মিত থ্যালাসেমিয়া রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। ২০২৬ সালের জানুয়ারির প্রথমার্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে ক্যাম্পাসে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মাধ্যমে প্রথম ব্লাড ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বছরে অন্তত দুইবার ব্লাড ক্যাম্পেইন আয়োজন করে সবাইকে থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে আমরা কাজ করবো।”
এছাড়াও সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা আরও বিস্তৃত হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

