আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হবে। একই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হবে।
এছাড়া দেশজুড়ে নারী অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। অ্যাকশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগেও বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের সব তফসিলি ব্যাংকেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি আয়োজন করেছে। বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদের। এ বছর সম্মাননা পাচ্ছেন সাংবাদিক মমতাজ বানু।
এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সকাল ১০টায় র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করবে। তবে পবিত্র মাহে রমজানের কারণে অন্যান্য কর্মসূচি ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বিশ্বব্যাপী নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ বছর ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) শীর্ষক প্রচারাভিযানও পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। নারী শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন থেকে এ দিবসের সূচনা। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এরপর থেকে বিশ্বব্যাপী দিনটি উদযাপিত হয়ে আসছে।
বাংলাদেশেও স্বাধীনতার আগ থেকেই দিবসটি পালিত হয়ে আসছে এবং বর্তমানে এটি নারী অধিকার ও সমতার গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

