ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধের পর চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দর্শক ফেরানোর অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ তথ্য জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাকভি জানান, স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতির জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। প্রধানমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেছেন। তবে একই সঙ্গে তিনি দেশের জ্বালানি সাশ্রয়ের চলমান মিতব্যয়ী নীতির বিষয়টিও উল্লেখ করেছেন।
তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের জোরালো অনুরোধের পর প্রধানমন্ত্রী ফাইনাল ম্যাচে দর্শক উপস্থিতির অনুমোদন দেন। নাকভি এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে,চলমান পিএসএল শুরুর আগেই পিসিবি ঘোষণা করেছিল, আঞ্চলিক জ্বালানি সংকটের কারণে ম্যাচগুলো দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হবে। এই সংকটের পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাবের কথাও বলা হয়েছিল।
তখন আরও জানানো হয়, জনসমাগম কমাতে এবং জ্বালানি সাশ্রয়ে সহায়তা করতে টুর্নামেন্টটি শুধুমাত্র করাচি ও লাহোরে সীমিত রাখা হবে।
তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিক এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, দর্শক ছাড়া পিএসএল তার আসল পরিবেশ হারায়। তারা সরকারকে নীতিটি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সরাসরি প্রধানমন্ত্রী ও প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের কাছেও আবেদন করেন।
শেষ পর্যন্ত সেই চাপের মুখেই ফাইনাল ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যা টুর্নামেন্টের পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

