গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর প্লে-অফে ওঠা চার দলের নাম চূড়ান্ত হয়েছে। ৬ দলের অংশগ্রহণে ৩০ ম্যাচের গ্রুপ পর্ব শেষে এখন শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে সেরা চার দল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব। এবারের প্লে-অফে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।
গ্রুপ পর্বে ১০ ম্যাচে ৮টি জয় নিয়ে ১৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। সমান ১২ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থেকে রংপুর রাইডার্স তৃতীয় এবং ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে উঠেছে সিলেট টাইটান্স।
প্লে-অফের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।
বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচে অংশ নেবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এবং এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল।
একদিন বিরতির পর আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সূচিতে সামান্য পরিবর্তন এনে ফাইনাল ম্যাচের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

