আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ দল ভারতের ভেন্যুতে খেলতে অনিচ্ছা প্রকাশ করার পরই পিসিবির পক্ষ থেকে এই আগ্রহ সামনে এসেছে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
পিসিবি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যদি কোনো কারণে শ্রীলঙ্কার ভেন্যুগুলো ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে বিকল্প হিসেবে পাকিস্তানের মাঠগুলো প্রস্তাব দিতে প্রস্তুত দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবির দাবি, পাকিস্তানের স্টেডিয়ামগুলো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং নিরাপত্তা ব্যবস্থাও মানসম্মত।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফলভাবে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এর মধ্যে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি নারী কোয়ালিফায়ার টুর্নামেন্ট উল্লেখযোগ্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটেই পিসিবির এই প্রস্তাব গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের চাপের মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, যখন ভারত ফিজের মতো ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তখন পুরো জাতীয় দলের নিরাপত্তা নিয়েই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। এ অবস্থায় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ আয়োজনের কথা ছিল কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নির্ধারিত ছিল মুম্বাইয়ে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

