পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।
শুক্রবার (১৫ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া দুই হজযাত্রী হলেন— গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন।
বুলেটিনে বলা হয়, এখন পর্যন্ত মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।
এদিকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সৌদি আরবে স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক থেকে দেওয়া হয়েছে ১৬ হাজার ৪৩০টি সেবা।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।
এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে ৩০ জুন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

