রাজধানী ঢাকার পরিবেশগত অবস্থা ও নাগরিক ভোগান্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। ঘর থেকে বের হলেই দূষিত বাতাসের কারণে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, রাজধানীর নানা সমস্যার অন্যতম প্রধান উৎস হলো বুড়িগঙ্গা নদী, যার দূষণ শহরের সামগ্রিক পরিবেশকে আরও সংকটাপন্ন করে তুলছে।
শনিবার ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ঢাকার নদী দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝে মধ্যে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত।’
ঢাকা শহরের ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, ‘আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না। আমার যে শহর (ঠাকুরগাঁও), সেখানেই গিয়ে থাকব। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি বলেন, এই অবস্থা থেকে বের হতে না পারলে প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো সম্ভব হবে না। তাই ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে। পরিবেশ রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

