মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও জ্বালানি সংকট মোকাবিলায় আজ রোববার (৫ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে নতুন সময়সূচি। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক লেনদেন এবং দোকানপাট পরিচালনায় এসেছে বড় পরিবর্তন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি সেবাখাত এই সময়সূচির বাইরে থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত, যেখানে লেনদেন-পরবর্তী কাজ সম্পন্ন করা হবে। পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্তও বহাল রেখেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকেও এ সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
যদিও ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন, সরকার আপাতত মন্ত্রিসভার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে।
সার্বিকভাবে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ কমানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

