ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই গেজেট জারি করা হয়।
এর আগে বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সংবলিত গেজেট প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আইনি জটিলতা ও একজন প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। যাচাই-বাছাই শেষে ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। কেউ সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
ইসি সচিব আখতার আহমেদ জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ইসির প্রকাশিত তথ্যে দেখা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৭টি আসন। বাকি আসনগুলোতে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

