আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যা থেকে বলা যায় নির্বাচনী মাঠ অসম। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে একটি ইতিবাচক পরিবেশ বিরাজ করছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেও বাস্তবতা হলো—এখন পর্যন্ত ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ রয়েছে। নির্বাচনকে ঘিরে একটি ভালো ও সহায়ক পরিবেশ বিদ্যমান আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির রাষ্ট্র। এ দেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, সেটিই সরকারের প্রত্যাশা।
এর আগে সকালে শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোড এলাকায় অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাটসংলগ্ন হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগের তুলনায় বেড়েছে। মাজার ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

