ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশে থাকা ভোটারদের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এর মধ্যে দেশের অভ্যন্তরে অবস্থান করেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এই সংখ্যা থেকে জানা গেছে, সরকারি চাকরিজীবী রয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ভিডিপির সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগারে থাকা ভোটার নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক নিবন্ধন করা হয়েছে, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। মোট ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই অ্যাপ ব্যবহার করে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার নিবন্ধনের সুযোগ পান। তারা হলেন—নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ভোটাররা।
তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই পূরণ করা পোস্টাল ব্যালট ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে পারবেন ভোটাররা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

