AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা আমাদের পরিবার কখনই ভুলবে না


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১১ পিএম, ৩ জানুয়ারি, ২০২৬

দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা আমাদের পরিবার কখনই ভুলবে না

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দৃশ্য তার পরিবার কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে। এই সময়ে দেশে ও দেশের বাইরে থাকা অসংখ্য শুভানুধ্যায়ী যে ভালোবাসা, সমবেদনা ও দোয়া জানিয়েছেন, তা তাদের পরিবারকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। তিনি উল্লেখ করেন, এই কয়েক দিনে তারা আরও উপলব্ধি করেছেন—খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্যের প্রতীক ছিলেন, যার গভীরতা অনেক ক্ষেত্রে পরিবারের পক্ষেও পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীনতার প্রতীক এবং বিশ্বাসের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা। রাজনীতির সীমা ছাড়িয়ে সেই অনুপ্রেরণা সমাজের নানা স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, পরিচয় ও আদর্শের ঊর্ধ্বে উঠে।

তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে শেষকৃত্যের সব আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, বিদেশি নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিশ্বের বিভিন্ন দেশের অংশীদারদের সহমর্মিতা তাদের গভীরভাবে স্পর্শ করেছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বার্তা, জানাজায় বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি, শোকবার্তা, শোক বইয়ে লেখা মন্তব্য, সামাজিক মাধ্যমে অনুভূতির প্রকাশ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মিশনের আনুষ্ঠানিক বিবৃতি—সবকিছুই ছিল ব্যতিক্রমী ও সম্মানজনক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার শেষ বিদায়ে তাদের দায়িত্বশীলতা ও শ্রদ্ধাবোধ জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালাম বেগম খালেদা জিয়ার জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় শ্রদ্ধার বহিঃপ্রকাশ। সমাধিস্থ করার সময় তাদের ভূমিকা জাতির সম্মান ও ভালোবাসাকেই প্রতিফলিত করেছে।

তিনি আরও বলেন, অনেক মানুষ আড়ালে থেকে নীরবে দায়িত্ব পালন করেছেন, যাদের নাম আলাদাভাবে উল্লেখ করা সম্ভব হয়নি। সেই সকল মানুষের প্রতিও জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

বার্তার শেষাংশে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন তাদের পরিবার কখনো ভুলবে না। এই ঐক্যবদ্ধ উপস্থিতি সাধারণ মানুষের সহমর্মিতা ও মানবিক অনুভূতির প্রতিচ্ছবি।

তিনি জানান, পরিবার ও বিএনপির পক্ষ থেকে শোকের এই সময়ে পাশে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানানো হচ্ছে। মানুষের ভালোবাসা ও সংহতি তাদের শক্তি ও সান্ত্বনার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যতের বাংলাদেশ গঠনে সেই স্মৃতি অনুপ্রেরণা হিসেবে বহন করা হবে—ইনশাআল্লাহ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!