ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১২ লাখ ১৮ হাজার ৮৯৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত ভোটার ৫ লাখ ৩০ হাজার ৭৫৩ জন এবং বিদেশে থাকা নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৬ লাখ ৮৮ হাজার। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৫২ হাজার ১৩৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৭৫৩ জন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এসব জানা গেছে।
এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই পদ্ধতিতে প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররা ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।
গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বর থাকলেও পরে তা বাড়িয়ে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে সময় বাড়ানোর ঘোষণা দেয়।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, লিবিয়া, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিরা এই অ্যাপে নিবন্ধন করছেন।
ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

